ভাটারা খ্রীষ্টিয়ান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘ভাটারা খ্রীষ্টিয়ান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ’। ২৮ জুন (রবিবার) সন্ধ্যা ৭টায় রাজধানীর ভাটারা গির্জা প্রাঙ্গণে নবগঠিত এই সমবায় প্রতিষ্ঠানের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন এবং সদস্যদের মাঝে পাসবহি বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব)-এর চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ, ভাটারা গির্জার পাল পুরোহিত ফাদার রুবেন গমেজ এবং নয়ানগর খ্রীষ্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর প্রেসিডেন্ট মি. রিচার্ড রিপন সরদার। এ সময়ে আরও উপস্থিত ছিলেন হাউজিং সোসাইটির সেক্রেটারি মি. পেপিলন হেনরি পিউরীফিকেশন, ব্যবস্থাপনা কমিটির সদস্য মি. প্রদীপ এ গমেজ, মি. গিলবার্ট গমেজ ও ঋণদান কমিটির চেয়ারম্যান মি. তার্সিসিউস পালমা।


ভাটারা ক্রেডিটের চেয়ারম্যান মি. ইমানুয়েল বাপ্পী মন্ডল-এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে আসনগ্রহণ, প্রারম্ভিক প্রার্থনা, ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য দেন ভাটারা ক্রেডিটের চেয়ারম্যান মি. ইমানুয়েল বাপ্পী মন্ডল। তিনি প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে সবাইকে সমবায়ের ছায়াতলে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে নতুন এই সমবায় উদ্যোগকে স্বাগত জানান এবং স্থানীয় খ্রীষ্টিয়ান সম্প্রদায়ের আর্থ-সামাজিক উন্নয়নে এই ক্রেডিট ইউনিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
![]()
আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ নতুন সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে সদস্য পাসবহি তুলে দেন। সর্বশেষ, ফিতা কাটা এবং প্রার্থনায় জল সিঞ্চনের মাধ্যমে বিশেষ আশীর্বাদ প্রার্থনা করে ক্রেডিট ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উল্লেখযোগ্য সংখ্যক সমবায়ী সদস্য উপস্থিত ছিলেন।














