গাজীপুরে দুই মহাসড়কে তীব্র যানজটে নাকাল যাত্রীরা, বৃষ্টিতে বেড়েছে দুর্ভোগ
পবিত্র ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে ঘরমুখী মানুষের চাপ বাড়ায় গাজীপুরের প্রধান দুই মহাসড়ক ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তেমন যানজট নেই। তবে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে গাড়ির চাপ রয়েছে। এ কারণে থেমে থেমে চলছে যানবাহন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল অংশ ও ঢাকা-আরিচা মহাসড়কের কিছু এলাকায় যানবাহন ধীরগতিতে চলছে।
আজ দুপুরের পর থেকেই ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন ও যাত্রীর চাপ ব্যাপকভাবে বেড়ে যায়। বিকেলের দিকে পরিস্থিতি আরও অবনতির দিকে যায়। একদিকে দীর্ঘ যানজট, অন্যদিকে পরিবহন সংকট—সব মিলিয়ে মহাসড়কে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে যাত্রীদের। সঙ্গে যুক্ত হয়েছে বৃষ্টির কারণে সৃষ্ট অতিরিক্ত দুর্ভোগ। রাত আটটা পর্যন্ত দুই মহাসড়কেই তীব্র যানজট ছিল বলে জানিয়েছে গাজীপুর ট্রাফিক পুলিশ।
হাইওয়ে পুলিশ ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভোগড়া থেকে চন্দ্রা এবং চন্দ্রা থেকে টাঙ্গাইলের দিকে কালিয়াকৈর উপজেলার সূত্রপুর পর্যন্ত দীর্ঘ যানজট ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে চন্দ্রা থেকে নবীনগর সড়কের জিরানি বাজার পর্যন্ত যানজটে স্থবির হয়ে ছিল। এতে প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। অন্যদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া, বোর্ডবাজার, চান্দনা চৌরাস্তা, সালনা, ভবানীপুর হয়ে মাওনা পর্যন্ত ১০ থেকে ১২ কিলোমিটার এলাকায় থেমে থেমে যান চলাচল করছে।
ঈদ উপলক্ষে সাভার ও আশুলিয়ার বিভিন্ন শিল্পকারখানায় গতকাল সোমবার ধাপে ধাপে ছুটি শুরু হয়েছে। কারখানা ছুটির পর থেকে কারখানার শ্রমিকসহ অন্যরা পরিবারের সঙ্গে ঈদ করতে দেশের বিভিন্ন প্রান্তে নিজ নিজ বাড়িতে ছুটছেন। এতে সাভার উপজেলার গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ডগুলোতে ঘরমুখী যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে।
আজ সকালের ঝোড়ো বৃষ্টি ও পরে থেমে থেমে বৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এ ছাড়া নবীনগর, পলাশবাড়ী এলাকায় মহাসড়কের ওপর আগে থেকে শ্রমিকদের ভাড়া করা বাস এলোমেলোভাবে দাঁড় করিয়ে রাখায় নবীনগর থেকে বাইপাইল এলাকা পর্যন্ত পরিবহনগুলো চলছিল থেমে থেমে।
দিনের বেলায় পরিস্থিতি তুলনামূলক ভালো থাকলেও সন্ধ্যার পর থেকে নবীনগর ও বাইপাইল এলাকায় ভোগান্তিতে পড়েন ঘরমুখী যাত্রীরা। রাত আটটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল বাসস্ট্যান্ড থেকে নবীনগর এবং নবীনগর থেকে বাইপাইল এলাকায় গাড়ির দীর্ঘ সারি দেখা যায়। গাড়িগুলোকে কিছু সময়ের জন্য থেমে থেমে ধীরগতিতে চলতে দেখা যায়।
















