Dhaka
,
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বারোমারীতে ফাতেমা রাণীর বার্ষিক তীর্থোৎসব অনুষ্ঠিত
‘ব্যালন ডি’অর অব অলটাইম’ জয় রোনালদোর
তুরাগ নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার
ব্যাংক খাতে ঋণখেলাপির সংস্কৃতি থেকে লুটপাটের সংস্কৃতিতে ঢুকেছি: ওয়াহিদউদ্দিন মাহমুদ
আমরা একটি ‘শক্তিশালী নতুন জাতীয় সরকার’ গড়ব, ঘোষণা নেতানিয়াহুর
প্রধান উপদেষ্টার নিয়োগ পদ্ধতি নিয়ে জটিলতা
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
অনুষ্ঠিত হলো ‘দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর বার্ষিক রিট্রিট ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান
সৌদি আরবের কাছে চিঠি বাংলাদেশের: দুজনের মৃত্যুদণ্ড কার্যকর বিষয়ে ৬ প্রশ্ন
‘ব্যালন ডি’অর অব অলটাইম’ জয় রোনালদোর
ব্যালন ডি’অরের ৭০ বছর পূর্তি উপলক্ষে এ বছর উয়েফা এবং ‘ফ্রান্স ফুটবল’ সাময়িকী নতুন একটি পুরস্কারের আয়োজন করে—‘ব্যালন ডি’অর অব অলটাইম’(বোট)। ব্যালন ডি’অর জেতা মৌসুমগুলোর মধ্যে কোন মৌসুম সেরা,বৈশ্বিকভাবে তা ভোটের মাধ্যমে ঠিক করতে এই উদ্যোগ নেওয়া হয়। সেজন্য ভোটের পোল চালু করা হয়েছিল গত ১ অক্টোবর থেকে। প্রতিটি ভোটের জন্য ১ ইউরো (১৩৮ টাকা) খরচ করে যত খুশি তত ভোট দিতে পেরেছেন ভক্তরা। গত মঙ্গলবার রাতে এই ভোটগ্রহণ শেষ হয়। আর ভোটের সে লড়াইয়ে লিওনেল মেসিকে পেছনে ফেলে ‘ব্যালন ডি’অর অব অলটাইম’ জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁর জেতা পাঁচটি ব্যালন ডি’অরের মধ্যে প্রথমটির পারফরম্যান্স সেরা হিসেবে বিজয়ী হয়েছে। অর্থাৎ ২০০৮ সালে তাঁর জেতা ব্যালন ডি’অরের মৌসুম ‘বোট’ জিতেছে। আয়োজকরা আগেই জানিয়েছেন, এজন্য বিজয়ীকে কোনো ট্রফি দেওয়া হবে না।
অন্তত দুবার ব্যালন ডি’অরজয়ী খেলোয়াড়দের নিয়ে এই ভোটের আয়োজন করা হয়েছিল। সেই লড়াইয়ে রোনালদোকে বিজয়ী ঘোষণা করা হয় ব্যালন ডি’অরের ওয়েবসাইটে। ভোটে দ্বিতীয় হয়েছে মেসির ২০১২ সালের ব্যালন ডি’অর জয়। তালিকায় ব্যালন ডি’অরজয়ী শীর্ষ ১২টি মৌসুম মেসি–রোনালদোর দখলে। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিওর ২০০২ সালের ব্যালন ডি’অর জয় ১৩তম। ম্যানচেস্টার ইউনাইটেডে থাকতে প্রথম ব্যালন ডি’অর জেতেন রোনালদো। ২০০৭–০৮ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ জয়ের পাশাপাশি সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৯ ম্যাচে করেছিলেন ৪২ গোল। মেসির জন্য ২০১১–১২ মৌসুম ছিল ঐতিহাসিক। সেবার এক পঞ্জিকাবর্ষে গার্ড মুলারের ৮৫ গোলের রেকর্ড ভেঙে ৬৯ ম্যাচে ৯১ গোল করেন আর্জেন্টাইন কিংবদন্তি। বার্সেলোনার হয়ে জিতেছিলেন কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ। মৌসুমটি শেষে ২০১২ সালে ক্যারিয়ারের চতুর্থ ব্যালন ডি’অর জেতেন মেসি। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্ল্যারিন’ জানিয়েছে, ৪৪৬ পয়েন্ট নিয়ে ভোটে মেসিকে (২৮১) হারিয়েছেন রোনালদো। এই ভোটের লড়াইয়ে একাধিকবার ব্যালন ডি’অরজয়ী মোট ১০ কিংবদন্তিকে রাখা হয়—লিওনেল মেসি (৮বার), ক্রিস্টিয়ানো রোনালদো (৫বার), ইয়োহান ক্রুইফ (৩বার), মিশেল প্লাতিনি (৩বার), মার্কো ফন বাস্তেন (৩বার), রোনালদো নাজারিও (২বার), ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (৩বার), কার্ল–হেইঞ্জ রুমেনিগে (৩বার), কেভিন কিগান (২বার) ও আলফ্রেড ডি স্টেফানো (২বার)। ‘বোট’ পুরস্কারের এই ভোটাভুটিতে এর আগে জালিয়াতির অভিযোগ উঠেছিল। কিন্তু ব্যাপারটা উড়িয়ে দিয়েছে ব্যালন ডি’অরের অফিশিয়াল ওয়েবসাইট। তারা জানায়, প্ল্যাটফর্মটিতে মাত্র ৫,০০৯ জন ব্যবহারকারী একের অধিক ভোট দিয়েছেন। এর মধ্যে ৪৪ জন ব্যবহারকারী ১০ থেকে ২৬টি, ৩০০ জন ৫ থেকে ৯টি এবং ৪,৬৬৫ জন ব্যবহারকারী ২ থেকে ৪টি ভোট দিয়েছেন।
Tag :





















