মজুরি বোর্ডের সভা হঠাৎ স্থগিত হলো কেন
তৈরি পোশাকশ্রমিকদের মজুরি পুনঃনির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা হওয়ার কথা ছিল আজ সোমবার বেলা ১১টায়। কিন্তু সভা শুরু হওয়ার মাত্র ২–৩ ঘণ্টা আগে হঠাৎ করে এই সভা স্থগিত করা হয়। আজকের সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল। মালিকেরা প্রস্তাব জমা দিলে এরপর মজুরি পুনঃনির্ধারণের মূল আলোচনা শুরু হতো।
মালিকপক্ষের প্রস্তাব জমার আগে সভাটি স্থগিতের কারণ হিসেবে মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, ‘তৃতীয় সভাটি অনিবার্যকারণবশত আদিষ্ট হয়ে স্থগিত করা হলো।’ কার আদেশে সভাটি স্থগিত করা হলো জানতে চেয়ে মোবাইলে রাইসা আফরোজের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
পোশাকশিল্পের শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে আন্দোলন শুরু করেছেন। শ্রমিক আন্দোলনের মুখে ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেন শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার।
আজকের তৃতীয় সভাটি স্থগিত করতে মালিকপক্ষ কোন অনুরোধ করেছে কি না জানতে চাইলে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন প্রথম আলোকে বলেন, ‘মজুরি বোর্ড সরকারি প্রতিষ্ঠান। সেখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। আজকের সভায় মজুরি প্রস্তাব দেওয়ার জন্য আমরা শতভাগ প্রস্তুত ছিলাম। আমরা মজুরি বোর্ডের কার্যক্রম দ্রুত শেষ করতে আগ্রহী। আমাদের আগ্রহের কমতি নেই।’
বৈঠক স্থগিত হওয়ার খবর কখন জানতে পেরেছেন এমন প্রশ্নের উত্তরে মালিকপক্ষের প্রতিনিধি বলেন, ‘মজুরি বোর্ডের সদস্যদের একটি হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে। সেখানে সোয়া নয়টার দিকে সভা স্থগিতের বার্তাটি দেওয়া হয়। তখন জানতে পেরেছি।’ কেন স্থগিত হলো—এ বিষয়ে তিনি বলেন, মজুরি বোর্ডের স্থায়ী শ্রমিক প্রতিনিধি আনোয়ার হোসাইন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। সে কারণে সভা স্থগিত হয়েছে শুনেছি। এর বাইরে আর কোনো কারণ আছে কি না, তা আমার জানা নেই।
অবশ্য আনোয়ার হোসাইন অসুস্থ হওয়া ছাড়া সভা স্থগিতের আরও দুটি কারণ রয়েছে বলে সকালে প্রথম আলোকে জানান মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার। তিনি জানান, আজ সকাল আটটার দিকে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী তাঁকে ফোনে সভা স্থগিতের বিষয়টি অবহিত করেন। আনোয়ার হোসাইনের অসুস্থতা ছাড়াও চলমান রাজনৈতিক অস্থিরতা ও শ্রম অসন্তোষের কারণে সভাটি স্থগিত করা হয়েছে বলে চেয়ারম্যান জানান।
সভা স্থগিতের পেছনের ঘটনা
এদিকে পোশাকশিল্প মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, মালিকপক্ষ গত সপ্তাহেই তাদের মজুরি প্রস্তাব চূড়ান্ত করেছে। বিকল্প প্রস্তাবও তৈরি করেছে তারা। গত বুধবার বিজিএমইএর সাবেক কয়েকজন সভাপতির সঙ্গে বৈঠক করে মজুরি প্রস্তাবের বিষয়টি অবহিত করেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। পরে গত শনিবার যৌথ সভায় বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা সাধারণ মালিকদের কাছ থেকে ন্যূনতম মজুরি হার নিয়ে মতামত নেন।
বিজিএমইএর একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে জানান, শেষ পর্যন্ত বিজিএমইএ তথা মালিকপক্ষ যে মজুরি প্রস্তাব করতে যাচ্ছে তা ১৫ হাজার টাকার আশপাশে থাকবে। পরে দর–কষাকষিতে প্রয়োজনে তা বাড়ানো হতে পারে। সে জন্য বিকল্প প্রস্তাবও তারা তৈরি করে রেখেছে।
বিজিএমইএর একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, গত শনিবার মতবিনিময় সভার পর কয়েকজন শিল্পমালিক অনানুষ্ঠানিক বৈঠকে বিজিএমইএর সভাপতিকে বলেছেন পরিস্থিতির উন্নতি না হলে যেন মজুরি প্রস্তাব জমা দেওয়া না হয়। কারণ তাঁদের শঙ্কা, মালিকেরা মজুরি প্রস্তাব দিলে সেটিকে কেন্দ্র করে আবারও নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে। তখন পরিস্থিতি সামলানো কঠিন হবে। এ জন্য বৈঠকে অংশ নেওয়া শিল্পমালিকেরা প্রয়োজনে সরকারের ওপর মহলের সঙ্গে এ নিয়ে কথা বলতে বিজিএমইএ সভাপতিকে অনুরোধ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার পর মজুরি প্রস্তাব জমা দেওয়ার পরামর্শ দেন তাঁরা। তবে বিজিএমইএর সভাপতি তৃতীয় সভায় মজুরি প্রস্তাব দেওয়ার বিষয়ে তাঁর অবস্থানের কথা জানান। শিল্পমালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লগি–বইঠা, লাঠিসোঁটা ও দেশি অস্ত্রসহ বিক্ষোভের কারণে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে গতকাল রোববার একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়, মালিকেরা মজুরি প্রস্তাব দিলে তাতে পরিস্থিতি আরও নাজুক হতে পারে। তখন সেটি নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে। ওই গোয়েন্দা প্রতিবেদনের পর গতকাল রাত নয়টার দিকে সরকারের ওপর মহলে মজুরি বোর্ডের আজকের সভাটি স্থগিতের সিদ্ধান্ত হয়। তবে সেটি গোপন রাখা হয়। পরে আজ সকালে মজুরি বোর্ডের পক্ষ থেকে সভা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




















