ফুটবল বিশ্বকাপ ২০২৬
আইভরি কোস্টের বিপক্ষে আজ জার্মানির আসল পরীক্ষা
বিশ্বকাপ ফুটবলের চলতি আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ রাতে আফ্রিকান পরাশক্তি আইভরি কোস্টের মুখোমুখি হচ্ছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি
বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হতে যাওয়া এই ম্যাচটিকে জার্মানদের জন্য টুর্নামেন্টের প্রথম বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। নিজেদের প্রথম ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল কুরাসাওকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে গ্রুপে উড়ন্ত সূচনা করেছিল তারা।
এই ম্যাচে জার্মান রক্ষণভাগের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছে আইভরি কোস্টের ১৯ বছর বয়সী তরুণ উইঙ্গার ইয়ান ডিওমান্দেকে।
জার্মানির ঘরোয়া লিগে দুর্দান্ত পারফর্ম করা এই ফুটবলারের গতি ও ড্রিবলিং রুখতে বিশেষ পরিকল্পনা সাজাচ্ছে জার্মান শিবির। জার্মান অধিনায়ক যশুয়া কিমিচও ম্যাচ শুরুর আগে প্রতিপক্ষের এই তরুণ তারকার ফুটবল প্রতিভার প্রশংসা করেছেন।
বিগত দুটি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার হতাশাজনক অধ্যায় ভুলে এবার দ্রুত নকআউট পর্ব নিশ্চিত করতে মরিয়া জার্মানি।
অন্যদিকে প্রথম ম্যাচে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়ে সমান তিন পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে আইভরি কোস্ট। আজকের হাইভোল্টেজ ম্যাচে জয়ী দল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে।


















